তিন সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব চেয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী বিধিমালা অনুসারে গেজেট প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে সব প্রতিদ্বন্দ্বী (বিজয়ী ও পরাজিত) প্রার্থীকে নির্বাচনী ব্যয়ের হিসাব রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করতে হবে। সে হিসেবে আগামী ২৯ মের মধ্যেই হিসাব জমা দিতে হবে। সোমবার ইসি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিয়ম অনুযায়ী মেয়র প্রার্থীরা ২০ লাখ ভোটার এলাকার জন্য সর্বোচ্চ দেড় লাখ এবং ২০ লাখের বেশি ভোটার এলাকার জন্য সর্বোচ্চ দুই লাখ টাকা ব্যক্তিগতভাবে খরচ করতে পারেন।
এছাড়া নির্বাচনী ব্যয় হিসেবে ২০ লাখ ভোটারের জন্য সর্বোচ্চ ৩০ লাখ টাকা এবং ২০ লাখের বেশি ভোটার এলাকার জন্য সর্বোচ্চ ৫০ লাখ টাকা ব্যয় করতে পারেন।
এক্ষেত্রে ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থীরা ব্যক্তিগত খরচসহ সর্বোচ্চ ৫৫ লাখ টাকা ব্যয়ের সুবিধা পেয়েছেন। আর ঢাকা দক্ষিণ সিটি ও চট্টগ্রাম সিটি নির্বাচনের মেয়র প্রার্থীরা পেয়েছেন সর্বোচ্চ ৩৫ লাখ টাকা ব্যয়ের সুবিধা।