নারায়ণগঞ্জে সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করল জনতা

নারায়ণগঞ্জ শহরের আল আমিন নগর এলাকায় আসাদুজ্জামান সুজন ওরফে এতিম সুজনকে (৩৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে এলাকার বিক্ষুব্ধ লোকজন। সোমবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। সে শহরের নলুয়াপাড়া এলাকার মৃত রঞ্জু মিয়ার ছেলে।
 
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, সুজনের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে। সে সদর মডেল থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
 
এলাকাবাসীর বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই মাহমুদুল হাসান জানান, এতিম সুজন বেলা ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে এলাকাতে মহড়া দিচ্ছিল। ওই সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের সময়ে লোকজন বাধা দিলে সে হামলার চেষ্টা করে। তখন লোকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। প্রথমে সুজনকে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।