গাজীপুর জেলা কারাগারের স্বাক্ষাত্কক্ষের আশপাশ থেকে সোমবার সকালে তিন নারী ছিনতাইকারীকে আটক করেছে কারারক্ষীরা।
আটককৃতরা হচ্ছে- ব্রহ্মণবাড়ীয়া জেলার নাসিম নগর এলাকার মজনু মিয়ার স্ত্রী কুলসুমা (২৫), একই এলাকার সবুর হোসেনের স্ত্রী সাহেরা (২২) ও এনামুলের স্ত্রী হেলেনা (২৪)।
গাজীপুর জেলা কারাগারের জেলসুপার সুবাস কুমার ঘোষ জানান, ময়মনসিংহের ত্রিশাল এলাকার একটি চুরির মামলার আসামি জাহাঙ্গীর আলম রনি গত ২৪ এপ্রিল থেকে এ কারাগারে বন্দি রয়েছেন। তার স্ত্রী পারভিন বেগম স্বামীর সঙ্গে দেখা করতে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কারাগারের স্বাক্ষাৎ কক্ষে অবস্থান করছিলেন। এসময় দর্শনার্থী সেজে আসা তিন নারী ছিনতাইকারী পারভীনের গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। বিষয়টি টেরপেয়ে পারভীন চিত্কার দিলে কারারক্ষী সাদেকুল অন্যদের সহযোগিতায় ছিনতাইকৃত চেইনসহ তিন নারী ছিনতাইকারীকে হাতে নাতে আটক করে।
জয়দেবপুর থানার এসআই আল মামুন জানান, কারা কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে বেলা সাড়ে বারটার দিকে তিন নারী ছিনতাইকারীকে থানায় আনা হয়। এব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।