আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, অভিজিৎ হত্যাসহ ব্লগার হত্যাকাণ্ডের দায়ভার নিয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ আল কায়দা। সকল সন্ত্রাসবাদের সঙ্গে এই সাম্প্রদায়িক রাজনীতি জোট বেঁধেছে। তাই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি নিয়েই একে দমন করতে হবে।’
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বঙ্গবন্ধু একাডেমি এ আলোচনা সভার আয়োজন করে।
জামায়াতকে গণতান্ত্রিক রাজনীতিতে রেখে সন্ত্রাসবাদ দমনের প্রচেষ্টা পথভ্রষ্ট হবে বলে মন্তব্য করে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, বাংলাদেশও এখন আল কায়েদার নেটওয়ার্কে ঢুকে পড়েছে। এর মোকাবেলায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক রাজনীতিই একমাত্র পথ।
তিনি বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এখন জাতীয় সন্ত্রাসবাদের মধ্যে ঢুকে গেছে- এ বিষয়টি যুক্তরাষ্ট্রকেও অনুধাবন করতে হবে।
আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, অসার রাজনীতি আর বিধ্বস্তপ্রায় সংগঠন নিয়ে খালেদা জিয়ার রাজনীতি আজ পথভ্রষ্ট। জামায়াতের সঙ্গে সম্পর্ক রেখে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসা বিএনপির জন্য বাধা হয়ে দাঁড়াবে।