আদালতের রায় অমান্য করায় হবিগঞ্জ পৌরসভার বাসিন্দা মো. আব্দুস শহীদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
পৌরসভার অনুমোদন ব্যাতিরেকে রামকৃঞ্চ মিশন রোডে আইনজীবী শ্যামল কান্তি দাসের সীমাণা দখল করে ভবন নির্মাণের অভিযোগে আব্দুস শহীদের বিরুদ্ধে মামলা করা হয়।
হবিগঞ্জের প্রথম যুগ্ম জেলা জজ ওই জমিতে ভবন নির্মাণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নিন্ম আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করেন শহীদ।
হাইকোর্ট যুগ্ম জেলা জজ আদালতের আদেশ স্থগিত করে দেয়। উচ্চ আদালতের এই আদেশের বিরুদ্ধে শ্যামল কান্তি আপিল বিভাগে আবেদন করেন।
এর পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ২৭ আগষ্ট ওই ভবন নির্মাণের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়া হয়।
ওই আদেশ না মেনে নির্মাণ কাজ অব্যাহত রাখায় বাদীপক্ষ শহীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করে।
এরপর আদালত অনুমোদনহীন ভবন অপসারণের জন্য পৌরসভাকে নির্দেশ দেয়। ওই নির্দেশ পালন না করায় পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র, সাবেক ও বর্তমান সচিব ও নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে।