নেপালে চাল ও পানি পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ হাজার মেট্রিক টন চাল ও পর্যাপ্ত খাবার পানি পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়ে বলেন, সড়ক ও আকাশপথে এসব চাল ও খাবার পানি নেপালে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ তথ্য জানান।

 
গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নেপালে ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। দুর্গতদের জন্য জরুরি ওষুধ, তাঁবু, বিস্কুটসহ টিনজাত শুকনো খাবার, কম্বলসহ ১০ টন ত্রাণ সামগ্রী নিয়ে বাংলাদেশের ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দল পরদিনই কাঠমান্ডু পৌঁছায়। ভূমিধস ও খারাপ আবহাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নেপালের প্রত্যন্ত জেলাগুলোতে এখনো ত্রাণ বিতরণ বাধাগ্রস্ত হচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে।