কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বহিষ্কার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজকে সংগঠনের সকল কার্যক্রম থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ। বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন ১০ দিন আগে অস্ত্রসহ র্যাবের হাতে আটক হয়েছেন। তার মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে তার সমর্থকরা। এর মাঝেই তাকে বহিষ্কার করা হয়েছে।

 
ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত গত রবিবার রাতে পাঠানো এক বিবৃতি সূত্রে এ খবর জানা যায়। ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ সূত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইলিয়াসকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তিনি আর কখনো ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হতে পারবেন না বলে জানা যায়।
 

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কাছে ময়নামতি শালবন বিহারের একটি পিকনিক স্পট থেকে ইলিয়াসকে একটি বিদেশি রিভলবার, ২ রাউন্ড বুলেট ও একটি ম্যাগাজিনসহ আটক করে র্যাব-১১। অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় দায়ের করা মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।এদিকে তার মুক্তির দাবিতে গত ২৬ এপ্রিল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে তার সমর্থকরা। এতে এক সপ্তাহ বিশ্ববিদ্যালয়ে কোন ক্লাস ও পরীক্ষা হতে দেয়া হয়নি। গতকাল সোমবার থেকে ধর্মঘট শিথিল করে ক্লাস চললেও কোন পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।