নির্ভার থেকেই প্রস্তুত হচ্ছেন মুশফিকরা

নির্ভার থেকেই পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল।

 
তাই খুলনা থেকে ফেরার পর গতকাল সোমবারও অনুশীলনে নামেনি স্বাগতিক ক্রিকেটাররা। ছুটির মধ্যেই রয়েছেন ক্রিকেটাররা। ব্যতিক্রম বরাবরের মুশফিকুর রহিম। বাংলাদেশের টেস্ট  অধিনায়ক এ ব্যাপারে সব সময়ই আলাদা কিছু। দলের খেলোয়াড়রা যখন ছুটিতে থাকেন সেই সময়েও তিনি ব্যাট নিয়ে বাড়তি অনুশীলন করে যান। অধিনায়ক বলেই যে তিনি বাড়তি অনুশীলন করেন তা নয়। কালও এর অন্যথা হয়নি। তবে মাঠে এলেও গণমাধ্যমের সাথে কোন কথা বলেননি।
 
অধিনায়ক মুশফিকুর রহিম ও প্রধান কোচ হাতুরুসিংহে দুইজনকেই কাল মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। দুপুরেই মিরপুরে নেমে পড়েন মুশফিক। মূল স্টেডিয়ামের মাঝ দিয়ে যাওয়ার সময় উইকেটটা একটু দেখে নিলেন। মুশফিককে আসতে দেখে, চট দিয়ে ঢেকে রাখা উইকেটটি দেখালেন গ্রাউন্ডসম্যানের এক কর্মী। মুশফিক তখন হাতের ব্যাট দিয়ে উইকেটের উপর আলতো করে দু’তিনটি টোকা দিয়ে পরখ করলেন। মিনিট দুই অবস্থানের পর সোজা ইনডোরের দিকে চলে গেলেন অধিনায়ক। নেট বোলারদের সাথে মুশফিককে বোলিং করলেন টেস্ট দলে থাকা লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনও।
 
দুপুর আড়াইটার দিকে স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা কর্মীদের সাথে করে নিয়ে মাঠে আসলেন বিমান বাহিনীর কর্মীরা। উদ্দেশ্য, শেষ টেস্টের সময় মাঠে যদি অনাকাঙ্খিত কোন দুর্ঘটনা ঘটে তাহলে কি করে ক্রিকেটারদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া যাবে সেটার প্রাথমিক ধারণা নেয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা যায়, খেলা চলাকালে কোন ধরনের দুর্ঘটনা ঘটলে ক্রিকেটারদের মাঠ থেকে দ্রুত সরিয়ে নেয়া হবে।
 
বাংলাদেশ দলের প্রধান কোচ হাতুরুসিংহে শেরে বাংলা স্টেডিয়ামে আসেন বিকালের দিকে। কিউরেটর গামিনিকে সঙ্গে করে কোচও উইকেট দেখলেন কাল। এ সময় কোচ অধিনায়ক ও কিউরেটর দৃশ্যত উইকেট নিয়ে আলোচনা করেন। এর আগে অধিনায়ক মুশফিককে ব্যাটিং নিয়েও পরামর্শ দেন কোচ।
 

এদিকে বাংলাদেশ দল ছুটি কাটালেও গতকাল সকালে অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দল। খুলনা টেস্টে রাহাত আলীর ইনজুরির কারণে মিরপুর টেস্টের জন্য পাকিস্তান থেকে উড়িয়ে আনা হয়েছে বিলওয়াল ভাট্টিকে। পাকিস্তান দলের কেউ এদিন কথা বলেননি।