ভারত-বাংলাদেশ সীমান্ত বিল মোদির মন্ত্রিসভায় অনুমোদন

 
বাংলাদেশের সাথে সীমান্ত চুক্তি সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
 
ভারত ও বাংলাদেশের মধ্যে ১৬২ ছিটমহল বিনিময়ের জন্য এই বিল বুধবার রাজ্যসভায় এবং বৃহস্পতিবার লোকসভায় পাস করানোর কথা রয়েছে।
 
এই বিলটি অপরিবর্তিত আকারে পাস হবে - নাকি এর আওতা থেকে ভারতের আসাম রাজ্যকে বাদ দেয়া হবে - তা নিয়ে সরকারি দল বিজেপি, বিরোধীদল কংগ্রেস এবং আসাম রাজ্যের বিজেপি নেতৃত্বের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছিল।
 
কারণ আসামের বিজেপি নেতৃত্বের অভিমত ছিল, অপরিবর্তিত আকারে বিল পাস হলে আসাম রাজ্যকে ২৬৮ একরের ছিটমহল বাংলাদেশকে হস্তান্তর করতে হবে - যা স্থানীয় নির্বাচনের আগে রাজ্য বিজেপির জন্যে রাজনৈতিকভাবে অসুবিধাজনক হতে পারে।
 
অন্যদিকে কংগ্রেসের অবস্থান ছিল, অপরিবর্তিত আকারেই বিল পাস হতে হবে- ঠিক যেভাবে এটি ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় তোলা হয়েছিল।
 
কিন্তু শেষ পর্যন্ত সব পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে এবং অপরিবর্তিত আকারেই বিলটি অনুমোদিত হয়েছে।
 
দিল্লির সরকারি সূত্রগুলো জানাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই অর্থাৎ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শেষ হবার আগেই বিলটি লোকসভায় উত্থাপন করা হবে। ৮ই মে লোকসভার এই অধিবেশন শেষ হচ্ছে। সূত্র: জি-নিউজ ও বিবিসি।
 
কংগ্রেস ও বিজেপির মধ্যে সমঝোতার ভিত্তিতে অপরিবর্তিত আকারে মন্ত্রিসভায় বিলটি অনুমোদিত হওয়ায় লোকসভাতেও দু-তৃতীয়াংশ ভোটে বিলটি পাস হবে- এমন সম্ভাবনা এখন উজ্জ্বলতর হলো।
 
ভারতের প্রধানমন্ত্রী নরন্দ্র মোদির আগামী জুন মাসে ঢাকা সফরে আসার সম্ভাবনা রয়েছে।
 
বিলটির লক্ষ্য হচ্ছে ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তির পূর্ণ বাস্তবায়ন, ভারত-বাংলাদেশের মধ্যেকার ছিটমহল ও অপদখলীয় ভূমি বিনিময় এবং সাড়ে ছয় কিলোমিটার সীমান্ত চিহ্নিত করা।