গুরুদাসপুরে যৌতুক বিহীন গণবিয়ে

নাটোরের গুরুদাসপুর উপজেলায় যৌতুক বিহীন গণবিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে চাপিলা ইউনিয়নের পামপাথুরীয়া কেজি স্কুল চত্বরে এসব বিয়ে অনুষ্ঠিত হয়।  
 
এ সময় আয়োজকদের পক্ষ থেকে ২৫ জোড়া বিবাহিত দম্পতিদের একটি করে ভ্যান গাড়ি, সেলাই মেশিন, খাট, লেপ-তোষকসহ প্রায় ২৬ প্রকার সামগ্রী দেওয়া হয়।
 
জানা গেছে, ‘শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল’র আর্থিক সহযোগিতায় ও কুয়েত রিলিফ কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় ওই গণবিয়ে অনুষ্ঠিত হয়। এর আগেও এখানে যৌতুক বিহীন গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে।
 
খামার পাথুরীয়া খাদিজাতুল কুবরা মাদরাসার মহতামীম মাওলানা শিহাব উদ্দিনের সভাপত্বিতে অনুষ্ঠিত বিবাহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, শারজাহ চ্যারিট ইন্টারন্যাশনাল’র কর্মকর্তা হাসান সাঈদ আল-নাকবী এবং কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির বাংলাদেশ অফিসের মহা-পরিচালক ড. মো. জহিরুল ইসলাম প্রমুখ।
 
চাপিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সামছুল হক বলেন, উপজেলার প্রত্যন্ত গ্রামের দরিদ্র মানুষদের যৌতুক বিহীন গণবিয়ের সুবিধা দেওয়া হচ্ছে। এতে গ্রামের মানুষ সচেতন হচ্ছে। 
 
বিয়ে হওয়া আনোয়ার দম্পতি বলেন, উভয়ের পরিবারই দরিদ্র। এতে তারা প্রত্যেকেই উপক্রিত হয়েছে। তাই  তারা প্রতি বছরই এ ধরনের আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।
 
গুরুদাসপুর সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন বলেন, প্রত্যন্ত গ্রামে এ ধরনের আয়োজন প্রসংশনীয়।