পুঁজিবাজারে বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে

 
 
 
 
টানা তিন দিন দরপতনের পর মঙ্গলবার পুঁজিবাজারে বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে। গত কয়েক দিনের দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক চার হাজার পয়েন্টের নিচে নেমে এলেও সূচক বাড়ায় তা ফের চার হাজারের ওপরে উঠে এসেছে। তবে সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ।
 
আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে—ডিএসইর সূচক চার হাজার পয়েন্টের নিচে নেমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বাভাবিক ক্রয়ের প্রবণতা দেখা গেছে। এ ছাড়া, স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বৈঠকে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছে।
 
এ দিকে, মঙ্গলবার বাজারে লেনদেনের ক্ষেত্রে জ্বালানি ও ওষুধ খাতের প্রাধান্য ছিল। এ দুই খাতে লেনদেন হয়েছে ১৬০ কোটি ৬৩ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় অর্ধেক।
তথ্যে দেখা গেছে—মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৫৪ বেড়ে ৪ হাজার ১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ১৬ বেড়ে ১ হাজার ৫২২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩২৭ কোটি ৩০ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৩ কোটি ১৪ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩১১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১২টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের।
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৪০ বেড়ে ১২ হাজার ৩৪৯ দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৫ কোটি ৪১ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ৩৭ লাখ টাকা বেশি।
 
লেনদেনকৃত ২২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দর।