'অদূর ভবিষ্যতে পোশাক রপ্তানিতে প্রথম স্থান দখল করবে বাংলাদেশ'

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, অদূর ভবিষ্যতে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ প্রথম স্থান দখল করবে।
মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং জার্মান কোম্পানি এসএপি ট্রেনিং একাডেমি আয়োজিত ‘আরএমজি টেক্সটাইল এন্ড ট্রেনিং ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, জার্মানীর সিসটেম এপ্লিকেশন প্রোডাক্ট (এসএপি) বাংলাদেশের তৈরি পোশাক ও সফ্টওয়্যার খাতে অবদান রাখার সুযোগ পাবে। বাংলাদেশ বর্তমানে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানি কারক দেশ। প্রথম অবস্থানে রয়েছে চীন। চীন তৈরি পোশাক রপ্তানিতে আগ্রহ কমিয়েছে। তৈরি পোশাক রপ্তানি কারকগণ বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে আগামী ২০২১ সালে শুধু তৈরি পোষাক রপ্তানি ৫০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে।