নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বুধবার

 
 
 
 
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলদের শপথ গ্রহণ হবে বুধবার। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ৩ মেয়রকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্য দিকে, ৩ সিটির নবনির্বাচিত ১৭৬ জন কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
 
গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত সিটি নির্বাচনে তিন মেয়রসহ অধিকাংশ কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীই জয়লাভ করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মোহাম্মদ সাঈদ খোকন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে আ জ ম নাছির মেয়র নির্বাচিত হন। গত ৩০ এপ্রিল সন্ধ্যায় ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
 
তিন সিটি নির্বাচনে ৪৮ জন মেয়র প্রার্থী ও ১১৩২ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে প্রতি সিটিতে একজন করে মেয়রসহ ঢাকা উত্তরে সাধারণ ওয়ার্ডে ৩৬ জন, নারী সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন; দক্ষিণে ৫৪ জন সাধারণ ওয়ার্ডে ও ১৯ জন সংরক্ষিত কাউন্সিল এবং চট্টগ্রামে ৪১ জন সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
 
এরই মধ্যে সংশ্লিষ্ট তিন সিটির তিন মেয়রসহ ১৭৯ জনের গেজেট প্রকাশিত হলেও সহিংসতার কারণে ঢাকা দক্ষিণ সিটির ৩টি ওয়ার্ড কাউন্সিলর পদে গেজেট স্থগিত রয়েছে। আগামী ১১ মে ওই তিন ওয়ার্ডে পুনরায় ভোট অনুষ্ঠিত হবে।