শোষণ মুক্তির লড়াইয়ের পথপ্রদর্শক কার্ল মার্কস। মার্কসই একমাত্র দার্শনিক, যিনি পুঁজির বিশ্লেষক ও দ্বান্দ্বিক বস্তুবাদী দর্শনের ব্যাখ্যাদাতা এবং উত্পাদন সম্পর্কে শোষক-শোষিতের অবস্থানটির আবিষ্কারক।
গতকাল মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে শহীদ আসাদ মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মতাদর্শ ও প্রশিক্ষণ বিভাগ আয়োজিত কার্ল মার্কসের ১৯৭তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় পার্টির পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস এ কথা বলেন।
সভায় বক্তারা বলেন, মার্কস বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে শ্রমজীবী মানুষের লড়াইকে এগিয়ে দিয়েছিলেন ‘কমিউনিস্ট মেনিফেস্টো’ রচনা করে। সে লড়াই এখনও প্রবহমান। পুঁজিবাদী শাসন-শোষণের নির্মমতা রুখে দিতে তাই মার্কসবাদ এখনও শ্রমিক শ্রেণির অপরাজেয় হাতিয়ার।
আলোচনায় আরো অংশ নেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নুরুল হাসান, কেন্দ্রীয় সদস্য শরীফ শমশির, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেন প্রমুখ।