ভবিষ্যতের বইয়ের প্রচারণা

ইউটিউবের যুগে আর মাত্র কয়েক বছরের মধ্যেই বইয়ের প্রকাশকরা যেভাবে বইয়ের প্রচারণা করতে পারেন—

(লাইভ চলছে)

হ্যালো ভিউয়ার্স অ্যান্ড রিডার্স, আপনারা কেমন আছেন?

আমি দারুণ প্রকাশনীর কে এম হারুণ। এই মুহূর্তে আপনারা দেখছেন সর্বাধিক জনপ্রিয় কালজয়ী উপন্যাসের লেখক আবুল মিয়ার ‘নিজের টাকায় বই করি’ বইটির মোড়ক উন্মোচন চলছে। গতবছর এই লেখকের একই বই ‘জানি না, রয়্যালিটি পাব কি পাব না’ বইটি পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলার পর লেখককে নিয়ে এ বছরও আমাদের প্রত্যাশার কমতি নেই। আপনারা জানেন আমরা প্রতিবছর এ সময়ের বিখ্যাত বই, পৃথিবীর দেড় হাজার ভাষায় অনূদিত ‘বার বার মক্কেল ধরি’ বইটির লেখক ড. আক্কেল মিয়াকেও এ বছর সম্মানের সহিত আমাদের প্রকাশনীর উপদেষ্টা হিসেবে স্থান দিয়েছি। এখন আপনারা দেখছেন মোড়ক উন্মোচন শেষে লেখককে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন ‘খায়া-দায়া কাজ নাই’ কোম্পানির হেড পরিচালক ও সাবেক বইমন্ত্রী খন্দকার এম ডবলু খগেন। বইমেলা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে, আপনারা দেখছেন নিরাপত্তার স্বার্থে ‘আমরা তোদের দুলাভাই’ রাইফেল, বন্দুক, ট্র্যাঙ্ক নিয়ে টহল দিচ্ছে। দেখতেই পারছেন মেলায় উপচে পড়া ভিড়। সর্বাধিক বিক্রিত বই হিসেবে টপ বেস্ট সেলার হিসেবে যে কয়টি বই আছে তার মধ্যে মোটিভেশনাল স্পিকার ঝিমান দুখনের লেখা ‘কিছুই করার নাই’ বইটির তৃতীয় মুদ্রণও গতকাল শেষ হয়ে গেছে। এদিকে ‘গাধা আর ছাগল হতে এসেছি’ বইটির প্রথম মুদ্রণ শেষ হয়ে দ্বিতীয় মুদ্রণ চলছে। বইটির লেখক এংরাজি একাদেমি পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক, জনপ্রিয় গায়ক ও ফেসবুক সেলিব্রেটি হিটিহটি মিটিমিটি খান। প্রিয় পাঠক এই মুহূর্তে আপনাদেরকে জানাতে চাই কেন অন্য কোনো প্রকাশনীর স্টলে না গিয়ে আমাদের প্রকাশনীর স্টলেই আসবেন। আমাদের রয়েছে সর্বাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত সেলফি কর্নার। যেখানে রয়েছে প্রিয় অপ্রিয় লেখকদের সঙ্গে ফ্রিতে সেলফি তোলার দারুণ ব্যবস্থা। আমাদের প্রকাশনী আপনাকে দেবে মানসম্মত টেকসই বই। একবার কিনবেন, এক শ বছর ব্যবহার করবেন। ভিজবে না, ছিঁড়বে না, এমনকি রয়েছে পুরনো না হওয়ার দশ বছরের গ্যারান্টি।

আমাদের দোকানের স্যালসম্যানরা এতই আন্তরিক যে আপনি ‘আমি রাজা হব’ বইটি দেখতে চাইলে এই বইটির পাশাপাশি ‘আমি রাণী হব’ বইটিও দেখিয়ে দেবে। আপনি না করলেও আপনাকে ‘আমি প্রজা হব’ বইটি ফ্রিতে হাতে ধরিয়ে দেবে। একই সাথে আমরা দিচ্ছি ১০০ টাকা সমমূল্যের একটি বই কিনলে ১০ জিবি ফ্রি ইন্টারনেট। ডাটার মেয়াদ থাকবে ১০ দিন। কোনো শর্ত প্রযোজ্য নহে। এই সুযোগ লুফে নিন আজই।

ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড রিডার্স দেখুন আমার সাক্ষাত্কার নেওয়ার জন্য ওই যে দোকানের সামনে দাঁড়িয়ে আছে—তেল মারলে ফেল ঠেকাই, যা ইচ্ছা তাই বলি, পালাবি কোথায়?-এর মতো জনপ্রিয় সব টিভি চ্যানেল। আমি প্রথমে কাকে আমার মূল্যবান সাক্ষাত্কার দিতে পারি- তা জানাতে এখনই কমেন্ট করুন আর ভিডিও শেয়ার করে জানিয়ে দিন, দেখার সুযোগ করে দিন আপনার প্রিয়জনকে। তো বই কিনতে আসবেন তো? এখনই জানিয়ে দিন আপনার মতামত কমেন্ট বক্সে।

হ্যাঁ তার আগে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটন চাপতে ভুলবেন না।

খেলার আলগী, ময়মনসিংহ