শুরুতেই হাফিজের বিদায়

 
ম্যাচের শুরুতেই উইকেট হারালো পাকিস্তান। মোহাম্মদ শহীদের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন খুলনা টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান মোহাম্মদ হাফিজ। বাংলাদেশও হারিয়েছে এক বোলারকে। মাত্র দুই বল করে চোট পেয়ে মাঠ ছেড়েছেন রুবেল হোসেনের জায়গায় দলে সুযোগ পাওয়া শাহাদাত হোসেন।
 
এর আগে আজ বুধবার মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। 
 
প্রস্তুতি ম্যাচ, ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টিতে জয়ের পর খুলনায় প্রথম টেস্টে ব্যাটিং বীরত্বে পাকিস্তানের সাথে প্রথম ড্র মিলিয়ে বাংলাদেশ দল এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। এর মধ্যেই স্বাগতিক অধিনায়ক গতকাল মঙ্গলবার জানিয়ে দিয়েছেন পাকিস্তানকে হারাতে যা যা দরকার তার সবটাই করবে বাংলাদেশ দল। অধিনায়ক মুশফিক জানিয়ে রেখেছেন পাকিস্তানকে এ সফরে জয়হীন রাখতে তার দল দৃঢ় প্রতিজ্ঞ। মুশফিক অবশ্য এটাও স্মরণ করিয়ে দেন যে, জিততে চাইলে পাকিস্তানের ২০টি উইকেটের দখল নিতে হবে তাদের। যদিও পেসার রুবেল হোসেন ইনজুরির কারণে ছিটকে পড়ায় বাংলাদেশের বোলিং বিভাগ কিছুটা অভিজ্ঞতার ঘাটতিতে থাকবে।
 
টেস্টে ২০০০ সালে অভিষেকের পর বাংলাদেশ এখন পর্যন্ত শক্তিশালী কোন দেশের বিরুদ্ধে সিরিজ জিততে পারেনি। বাংলাদেশ টেস্টে যে দুটি সিরিজ জিতেছে সেগুলো হলো সমগোত্রীয় জিম্বাবুয়ে ও মাঝে দুর্বল হয়ে পড়া ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে। তবে সাবেক অধিনায়ক ও বর্তমানে নির্বাচক হাবিবুল বাশার সুমন একটি বার্তা সংস্থাকে বলেছেন সময় এখন বাংলাদেশের আরো এগিয়ে যাওয়ার এবং পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের। তিনি বলেন,‘আমরা জয়ের জন্যই চেষ্টা চালাব। আমরা ইতিবাচক মানসিকতার মধ্যেই আছি যা আমাদের বিপক্ষের বিরুদ্ধে এগিয়ে থাকতে সাহায্য করবে।’