কালাইয়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

 
জয়পুরহাটের কালাই উপজেলার ধাপ কাথাইল গ্রামে যৌতুকে দাবিতে ওছনেয়ারা বেগম (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
 
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু’বছর আগে ক্ষেতলাল উপজেলার শিশির নাজিরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের কন্যা ওছনেয়ারার সাথে বিয়ে হয় কালাই উপজেলার ধাপ কাথাইল গ্রামের আবুল কালামের ছেলে আব্দুল করিমের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য প্রায় স্ত্রী ওছনেয়ারাকে মারপিট করতো করিম। মঙ্গলবার রাতেও যৌতুকের জন্য মারপিট করার একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করার পর রাতেই ডাকাতের মারপিটে মারা গেছে এমন খবর দেয়া হয় মেয়ের পরিবারের নিকট। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্বামী আব্দুল করিমকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে করিম স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে।
 

পুলিশ ওছনেয়ারার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।