হাঁটুতে চোট পাওয়ার কারণে বাংলাদেশ দলের ফাস্ট বোলার শাহাদাত হোসেনের মিরপুর টেস্টে আর বল করা হচ্ছে না। তাতে হোঁচট খেলো পাকিস্তানকে হারাতে অধিনায়ক মুশফিকুর রহিমের ২০টি বিপক্ষ উইকেট দখলের পরিকল্পনাটি। বিসিবি সূত্রে জানা যায় শাহাদাতের হাঁটুতে অপারেশন করানোর জন্য অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
খুলনায় ইনজুরির কারণে আরেক ফাস্ট বোলার রুবেল হোসেন দল থেকে ছিটকে গেলে ডাক পেয়েছিলেন শাহাদাত। কিন্তু গতকাল টেস্টটি শুরুর পর দ্বিতীয় বল ছুঁড়তে এসেই হাঁটুতে আঘাত পান তিনি। এরপর মাঠ ছাড়লেও ১৭তম ওভারে আবার খেলায় ফিরে তাইজুলের বলে ডিপ মিড উইকেটে ওপেনার সামি আসলামের ক্যাচটিও নিয়েছিলেন তিনি। অনেক দূর দৌড়ে গিয়ে ক্যাচটি ধরে সতীর্থদের সাথে উল্লাসেও মাতোয়ারা হয়েছিলেন। ফলে ধারণা করা হচ্ছিল হাঁটুর আঘাতটি অতটা গুরুতর নয়, আবার হয়তো বল করতে পারবেন তিনি। কিন্তু বিধি বাম। লাঞ্চ বিরতির সময় অনুশীলন উইকেটে বোলিং কোচ হিথ স্ট্রিককে নিয়ে নিজের সামর্থ্য পরখ করতে গিয়েছিলেন পেসারটি। তিনটা বল ঠিকঠাক ছুঁড়লেও চতুর্থটিতে আচমকা পড়ে যান শাহাদাত। নিজে থেকে উঠেও দাঁড়াতেই পারেননি। তার এই অবস্থা দেখে মাঠে থাকা গ্রাউন্ডসম্যানরা এগিয়ে গিয়ে স্ট্রেচারে করে তাকে ড্রেসিং রুমে নিয়ে আসেন। শাহাদাতকে হারিয়ে এখন চরম বিপাকে বাংলাদেশ দল। মুশফিকুর রহিম কাল সৌম্য সরকারকে দিয়ে শাহাদাতের ওভারটি শেষ করান। এখন তাকে পাওয়া না গেলে অধিনায়কের হাতে থাকবে কেবল একজন ফাস্ট বোলার ও তিনজন স্পিনার। স্বাগতিকদের এখন একজন কম খেলোয়াড় নিয়ে পাকিস্তানের মোকাবেলা করতে হচ্ছে। অথচ প্রথম দিনের শেষ সেশনে মোহাম্মদ শহিদ নিজের দ্বিতীয় উইকেট নিয়ে জানান দেন মিরপুরের পিচে আরো একজন ফাস্ট বোলারের দরকার ছিল।