ভারতের প্রখ্যাত অভিনেতা সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ১৩ বছর আগের ‘হিট এন্ড রান’ মামলায় তাকে দোষী সাব্যস্ত আজ বুধবার মুম্বাইয়ের সেশন আদালতের বিচারক ডি. ডব্লিউ দেশপান্ডে এই রায় ঘোষণা করেন। এর পরপরই দেশটির তারকারা এ বিষয়ে তাদের অভিমত দিয়েছেন।
পরেশ রাওয়াল (অভিনেতা): পাঁচ বছর!!
কোয়েল (অভিনেত্রী): অনেক দিন ধরেই মামলা চলছিল। বারবার ভেবেছি সালমান মুক্তি পাবেন। কিন্তু আজ রায় শুনে খুব খারাপ লাগছে।
রাজ বব্বর (অভিনেতা): সালমানের পরিবারকে ঈশ্বর শক্তি দিন। আমাদের সকলের প্রার্থনা ওদের সঙ্গে রয়েছে। আগামী পাঁচ বছর সালমান, ওর পরিবার এবং বছর ইন্ডাস্ট্রির জন্য খুব কঠিন সময়।
চিরঞ্জীবি (অভিনেতা): কেউই আইনের উর্ধ্বে নয়। আমার সহকর্মীর জন্য খারাপ লাগছে।
হেমা মালিনী (অভিনেত্রী): খুব খারাপ লাগছে। কিন্তু কী করা যাবে! আদালতের রায় মানতেই হবে। সালমানের জন্য আমার সমবেদনা রয়েছে। প্রার্থনা করি যাতে ওর সাজা কিছুটা কম হয়।
সতীশ কৌশিক (অভিনেতা): সালমান খানের জন্য প্রার্থনা করছি। ভগবান ওকে সব দিক থেকে সুখী করুন।
অর্পিতা খান (সালমানের বোন): আমাদের জন্য আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের জন্য যারা প্রার্থনা করছেন তাদের ধন্যবাদ।
শক্তি কাপূর (অভিনেতা): দুর্ভাগ্যজনক ঘটনা। আইন আইনের পথে চলবে।
রীতেশ দেশমুখ (অভিনেতা): আদালতের রায় নিয়ে কিছু বলব না। তবে আমার খুব খারাপ লাগছে। ইন্ডাস্ট্রিতে এত বড় মনের মানুষ আমি কম দেখেছি।
রঘু রাম (সঞ্চালক, অভিনেতা): সালমানকে কঠিন শাস্তি দিয়ে আলাদা উদাহরণ তৈরি করা ঠিক নয়।
প্রিয়া দত্ত (সঞ্জয় দত্তের বোন ): যে কোনো মানুষের পক্ষেই এই পরিস্থিতি সামলানো কঠিন। তবে, সালমান খুব শক্ত মনের মানুষ। সামলে নিতে পারবে বলে মনে হয়। আদালতের রায়ের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত।
ওয়াজিদ আলি (মিউজিক কম্পোজার): আমি শকড্। সালমান ভাই খুব সাচ্চা মানুষ। কিন্তু, আদালতের রায় আমাদের মানতেই হবে। যা হয়েছে তা দুর্ভাগ্যজনক।
অরবিন্দ ইনামদার (মহারাষ্ট্রের প্রাক্তণ ডিজিপি): এটা আইনের জয়। সত্যিটা এত দিনে সামনে এসেছে। আইন সেলিব্রিটি বা সাধারণ মানুষ সকলের জন্যই সমান। পুলিশ এই মামলায় খুব ভাল কাজ করেছে। ওদের কাছে সালমান মামলা একটা বড় চ্যালেঞ্জ ছিল।
মহেশ জেঠমলানি (আইনজীবী): হাইকোর্টে আবেদন করলে সালমানের জামিন হতে পারে। ওর আইনজীবী নিশ্চয়ই সে চেষ্টা করবেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।