গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানের বিরুদ্ধে ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গাড়ি ভাঙচুর ও পোড়ানো মামলায় বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
আইনজীবী সূত্রে জানা গেছে, গত বছর ৫ নভেম্বর গাজীপুর মহানগরের মালেকেরবাড়ি এলাকায় একটি প্রাইভেটকার ও একটি কাভার্ডভ্যান ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় সাতদিনের রিমান্ড চেয়ে অধ্যাপক এমএ মান্নানকে বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক বেগম মোসা. রেহেনা আক্তারের আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে তিনি একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মেয়র মান্নানকে দুই দফায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন গাজীপুরের আদালত।