বার্গম্যান বিষয়ে বিবৃতি : অবমাননা প্রশ্নে রুলের শুনানি শুরু



সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজার বিষয়ে বিবৃতি দেয়া ২৩ নাগরিকের আদালত অবমাননা বিষয়ে জারি করা রুলের শুনানি বুধবার শুরু হয়েছে। আগামী ১১ মে এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

গত ২৩ এপ্রিল ২৩ নাগরিককে আদালত অবমাননার অভিযোগে কেনো তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তার ব্যাখ্যা দিতে বলা হয়।

সে অনুয়ায়ি গত ২৯ এপ্রিল ১৫ জন সশরীরে হাজির হয়ে ও বিদেশে থাকা বাকি ৮ জন ডাকযোগে রুলের জবাব দেন। হাজির থাকা ১৫ জনের মধ্যে ১০ জনের পক্ষে ব্যারিস্টার আসাদুজ্জামান ও দু’জনের পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম জবাব দাখিল করেন। বাকি তিনজন জবাব দাখিল করে নিজেরাই শুনানি করবেন বলে জানায়।

আজ ১০ জনের পক্ষে ব্যারিস্টার আসাদুজ্জামান এবং দু’জনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম ও রেহনুমা আনাম শুনানি করেন। তিনজন নিজেরাই শুনানিতে অংশ নেয়। বাকি ৮ জন বিদেশে আছেন।

ডেভিড বার্গম্যানের সাজার বিষয়ে বিবৃতি দেয়া ২৩ নাগরিকের বিরুদ্ধে আদালত অবমাননা প্রশ্নে গত ১ এপ্রিল রুল জারি করে ট্রাইব্যুনাল-২। ওইদিন আদেশে আজ ২৩ এপ্রিল তাদের এ রুলের জবাব দিতে বলা হয়েছিল। সে অনুযায়ী মোট ১৩ জন ব্যাখ্যা দিতে আজ ট্রাইব্যুনালে চার সপ্তাহের সময়ের আবেদন জানান।

এ আবেদন নামঞ্জুর করে ২৩ জনকেই গত ২৯ এপ্রিল হাজির হয়ে রুলের জবাব দেয়া হয়।

রুলে জাফরুল্লাহ চৌধুরী, আনু মোহাম্মদ, শিরিন হক ও আলী আহম্মেদ জিয়া উদ্দিনসহ ২৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না-তা জানতে চাওয়া হয়েছে। অন্যরা হলেন- সি আর আবরার, লুবনা মারিয়াম, মুক সাথী, তিত্রা আলী, দেলোয়ার খোকন, মাসুদ খান, জিয়াউর রহমান, জরিনা নাহার কবির, ফরিদা আক্তার, বিনা ডি কস্টা, আফসান চৌধুরী, রেহনুমা আহমেদ, শহিদুল আলম, শবনাম নাদিয়া, মাহমুদ রহমান, নাসরিন সিরাজ এ্যানি, আনুশে আনাদিল, হানা শামস আহমেদ, লিসা গাজী।

গতবছর ২০ ডিসেম্বর একটি পত্রিকায় ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

আদালত অবমাননার দায়ে দণ্ডিত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজার বিষয়ে বিবৃতি দেয়া নাগরিকদের কাছে ব্যাখ্যা চেয়ে গত ১৪ জানুয়ারি আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। আদেশে তাদের হাজির হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে ওই বিবৃতির বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। মানবাধিকার কর্মী খুশী কবির বিবৃতি থেকে তার নাম প্রত্যাহার করে নেন।

বিবৃতিদাতাদের মধ্যে ২৬ জন নিঃশর্ত ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতে অব্যাহতি পান। তাদের মধ্যে রয়েছেন, আইনজীবী ড. শাহদীন মালিক, এম হাফিজউদ্দিন খান, রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, বদিউল আলম মজুমদার, রাশেদা কে চৌধুরী, ইমতিয়াজ আহমেদ, আমেনা মোহসিন, লায়লা খান, শাহনাজ হুদা, জাকির হোসেন, অরূপ রাহী, শাহীন আক্তার, ইলোরা দেওয়ান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিষয়ে ব্লগে আপত্তিকর মন্তব্য করায় সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করে গত ২ ডিসেম্বর রায় দেয় ট্রাইব্যুনাল-২।

এ অর্থ অনাদায়ে তাকে ৭ দিনের জেল ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়। ব্লগে লেখার মাধ্যমে তিনি ট্রাইব্যুনালের কর্তৃত্বকে চ্যালেঞ্জ, বিচারাধীন বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ানো এবং ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছে বলে রায়ের পর্যবেক্ষণে বলা হয়।

ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিষয়ে ব্লগে লেখায় ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে গত বছর ২০ ফেব্রুয়ারি আবেদন করেন আইনজীবী আবুল কালাম আজাদ। বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ‘দ্য নিউএজ’র বিশেষ প্রতিনিধি।