পুঁজিবাজারে বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে

 
 
 
 
পুঁজিবাজারে কয়েক দিন ধরে বড় দরপতনের পর বুধবার বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৮৪ শতাংশ কোম্পানির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন—কয়েক দিনের টানা দরপতনের ফলে অনেক কোম্পানির শেয়ারদর তলানিতে নেমে এসেছে। এ জন্য এখন কিছু কিছু কোম্পানির শেয়ার বিনিয়োগকারীরা কিনে রাখছেন। তবে রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ না বাড়লে বাজারের ইতিবাচক প্রবণতা ধরে রাখা সম্ভব নয়।
 
আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে দেখা গেছে—বুধবার দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে ছিল ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। কোম্পানিগুলোর শেয়ারদর আগের দিনের তুলনায় প্রায় সাড়ে ৬ শতাংশ বেড়েছে। এ ছাড়া, সিমেন্ট খাতের শেয়ারের দাম বেড়েছে প্রায় তিন শতাংশ এবং বস্ত্র খাতে দুই শতাংশেরও বেশি। তবে গত কয়েক দিনের ধারাবাহিকতায় লেনদেনের ক্ষেত্রে শীর্ষে ছিল জ্বালানি ও ওষুধ খাত। এ দুই খাতের শেয়ার লেনদেন হয়েছে ১৬৬ কোটি টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ৪৫ শতাংশ।
 
তথ্যে দেখা গেছে—বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৭৫ বেড়ে ৪ হাজার ৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ২৬ বেড়ে ১ হাজার ৫৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৬৪ কোটি ৮৪ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৩৭ কোটি ৫৪ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩১১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬১টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের দর।
 

অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৬১ বেড়ে ১২ হাজার ৬১১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৫ কোটি ৪১ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ১৭ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯০টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের দর।