‘সরকার সেনাবাহিনী নিয়ে নাটক করতে চেয়েছিল’

 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রধান সমন্বয়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ তিন সিটি নির্বাচন বর্জনের কারণ ব্যাখ্যা করেছেন।
 
হান্নান শাহ বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন সেনাবাহিনী নিয়ে একটি নাটক করতে চেয়েছিল। তারা চেয়েছিল যে, সকাল থেকে ভোট চুরি করে বেলা ২টার দিকে সেনাবাহিনীকে দিয়ে একটা মহড়া দেয়াবে। তাদের উদ্দেশ্য ছিল দেশি-বিদেশি সংবাদ মাধ্যমকে জানানো এবং দেখানো যে, সরকার সুষ্ঠু ভোট গ্রহণের জন্য সেনা মোতায়েনসহ বিরোধীদলের সব দাবি মেনে নিয়েছে। সেনা টহলও দিয়েছে। বিএনপির কাছে সরকারের সেই নীলনকশা ফাঁস হয়ে যায়। ফলে আমরা সরকারের সেই নাটক বন্ধ করে দিয়েছি।’
 
জাতীয় প্রেস ক্লাবে মহিলাদল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ ব্যাখ্যা দেন।
 
সরকার ও নির্বাচন কমিশন নির্বাচনী ‘পরীক্ষায় ফেল’ করেছে বলে মন্তব্য করে হান্নান শাহ বলেন, ‘সরকার সিটি নির্বাচন সুষ্ঠু করবে না, তাই পরিকল্পনা করে সেনাবাহিনী মোতায়েন করেনি। নির্বাচন কমিশন কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করে সরকারের নির্দেশে কারচুপি করে সরকার-সমর্থিত প্রার্থীকে জয়ী করেছেন, যা দেশ-বিদেশে সবাই দেখেছে।’
 
‘আওয়ামী সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না’ দাবি করে হান্নান শাহ বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হতে যা যা করা প্রয়োজন, তাই করে।’