অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ডের পর সালমানের আবেদনের প্রেক্ষিতে দুই দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে মুম্বাই হাইকোর্ট। 'হিট অ্যান্ড রান' মামলায় সালমান খানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই জল্পন শুরু হয় রায় ঘোষণার পরই তাকে কারাগারে নিয়ে যাওয়া হবে কি না। বুধবার সারা দিনই ভারতে চলেছে এ নিয়ে কানাঘুষা।
অনিচ্ছাকৃত খুনের অপরাধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে।সেই সঙ্গে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ২৫ হাজার রুপি জরিমানাও করা হয়। দুই দিনের অন্তর্বর্তী জামিন শেষে শুক্রবার ফের বোম্বে হাইকোর্টে শুনানি হবে। তাই এখনই বলা যাচ্ছে না ঠিক কবে নাগাদ কারাগারে যেতে হবে এই বলিউড সুপারস্টারকে।
রায় ঘোষণার সময় বিচারক বলেন সালমনের বিরুদ্ধে আনিত সব অভিযোগ সত্য। লাইসেন্স ছাড়াই মদ্যপ অবস্থায় তিনি গাড়ি চালাচ্ছিলেন। রায় শুনে কেঁদে ফেলেন সালমান।
মামলা চলাকালীন সালমানের ড্রাইভার দাবি করেছিলেন দুর্ঘটনার সময় সালমান নন বরং তিনিই চালকের আসনে ছিলেন। তবে সাক্ষ্য-প্রমাণ দেখে সালমানকেই দোষী সাব্যস্ত করেছে আদালত। আদালতে উপস্থিত সালমানের এক অনুরাগী জানান, সকাল থেক হালকা মেজাজে থাকলেও রায় ঘোষণার পরই ভেঙে পড়েন সালমান। সূত্র: জিনিউজ