বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি আর্থিক ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
মঙ্গলবার সুইজারল্যান্ডের জুরিখে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম (ইউএনইপি)-এর উপদেষ্টা পরিষদের তৃতীয় বৈঠকে বক্তৃতাকালে গভর্নর বলেন, আর্থিক ব্যবস্থার প্রধান লক্ষ্য হবে দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়ন। যেসব আর্থিক প্রতিষ্ঠান গ্রীন ফাইনান্সিং সমর্থন করছে সেসব প্রতিষ্ঠানের স্থানীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক নেটওয়ার্ক প্রতিষ্ঠা ও জোরদার করতে হবে।
টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়ন অর্জনে বাংলাদেশের ব্যাংকিং খাত ঢেলে সাজানোর অভিজ্ঞতা বর্ণনা করে ড. আতিউর রহমান বলেন, স্বল্পমেয়াদী আর্থিক নীতি থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই সমস্যা সমাধানের একটি উপায় হতে পারে।
বৈঠকে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের পরিবেশমন্ত্রী ব্রুনো ওভারলি, উগান্ডার প্রেসিডেন্টের অর্থ বিষয়ক উপদেষ্টা মারিয়া কিওয়ানুকা এবং ইউএনইপি’র নির্বাহী পরিচালক অচিম স্টেইনার।