‘বিএনপি নেত্রী পালানোর রাজনীতিতে বিশ্বাসী’

 
 
 
 
 
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া সিটি নির্বাচনে নীরব ভোট বিপ্লবের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ভোট শুরু হওয়ার ৩ ঘণ্টা পার না হতেই উনি নিজেকে গুটিয়ে ভোটের ময়দান থেকে নীরবে পলায়ন করেন। এতে আবারো প্রমাণ হয়েছে—বিএনপি নেত্রী আসলে পালানোর রাজনীতিতে বিশ্বাসী। এ কারণেই নগরবাসী সিটি নির্বাচনে তাদের প্রত্যাখান করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের ভোট দিয়েছেন।’
 
বুধবার দুপুরে শহরের শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
খালেদা জিয়াকে জামায়াত ছাড়ার পরামর্শ দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘যুদ্ধাপরাধী ও স্বাধীনতা-বিরোরীদের সাথে আঁতাত করার কারণেই আজ বিএনপির অনেক নেতা খালেদা জিয়ার সঙ্গ ত্যাগ করছে।’
স্বাস্থ্যমন্ত্র বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের বিদ্যুত্, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিখাতসহ দেশের সামগ্রিক উন্নয়ন করেছেন। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২০১৯ সালের নির্বাচনের আগে অনেক কাজ করতে হবে। জনগণের ভালোবাসা এবং মন জয় করেই আগামী নির্বাচনে বিজয়ী হয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে দক্ষিণ পূর্ব- এশিয়ার মধ্যে একটি সুন্দর এবং সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলা হবে।’
 
মোহাম্মদ নাসিম বলেন, ‘আজ যারা ছাত্রলীগের নেতৃত্বে রয়েছেন বা আগামীতে আসবেন, তারাই আগামী দিনে আওয়ামী লীগ ও দেশের নেতৃত্ব দেবে। তাই মনে রাখতে হবে—দলের পাশাপাশি দেশের জন্য প্রতিটি ছাত্রনেতাকে নিজেকে উত্সর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলেই আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অগ্রযাত্রা বাস্তবায়নে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে।’
 

জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলনে আরো বক্তব্য দেন—আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস, ম ম আমজাদ হোসেন মিলন এমপি প্রমুখ।