পাটগ্রামের ছিটমহলগুলোতে আনন্দের বন্যা

 
ভারতের রাজ্যসভায় স্থল সীমান্ত বিল পাসের খবরে আনন্দে ভাসছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ছিটমহল বাসিন্দারা। তাদের আশা দীর্ঘ দিনের বঞ্চনা লাঘব হবে এর মাধ্যমে, পাবেন রাষ্ট্রীয় অধিকার।
 
বুধবার বিকেলে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সবচেয়ে বড় ১১৯ নম্বর বাঁশকাটা ছিটমহলে গিয়ে আনন্দে উৎফুল্ল হতে দেখা যায় লোকজনকে। ছিটমহলের সমস্যা সমাধানে আর কোনো বাঁধা নেই- এ রকম খবরে সবার মুখেই ছিল প্রাণ খোলা হাসি।
 
ছিটমহল ইউনাইটেড কাউন্সিলের (এস.ইউ.সি) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গোলাম মতিন রুমি বলেন, ছিটমহলের অধিবাসীদের দীর্ঘ দিনের সমস্যা সমাধান হচ্ছে এমন খবরে পুরো ছিটমহলজুড়ে ঈদের দিনের মত আনন্দ বইছে। ১১৯ নং বাঁশকাটা ছিটমহলের মকছুল হক, ১৯ নং পানিশালা ছিটমহলের মতিয়ার রহমান, ৫ নং জামালদহ বালাপুকুরী ছিটমহলের সেলিম হোসেন, ১৫ নং খড়খড়িয়াবাড়ী ছিটমহলের সিরাজুল ইসলাম, ছিটমহল বিনিময়ের অগ্রগতির খবরে অনন্দ প্রকাশ করেন।