শ্রমিক বিক্ষোভের মুখে সাভারে অটোবির কারখানা বন্ধ

শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের বিরুলিয়ার আক্রান এলাকায় অবস্থিত অটোবির ফার্নিচার তৈরির একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। গত মঙ্গলবার বকেয়া বেতনের দাবিতে শ্রমিক-পুলিশের সংঘর্ষের জের ধরে গতকাল বুধবার কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিস টাঙ্গিয়ে দেয় মালিক পক্ষ।

 
শিল্প পুলিশ জানায়, গত মঙ্গলবার দেড় মাসের বকেয়া বেতনের দাবিতে আট’শ শ্রমিক অটোবি ফার্নিচার কারখানায় প্রবেশ করে কর্মবিরতি পালন করে। পরে মালিকপক্ষ আগামী ২০ তারিখে বেতন দেয়ার কথা বললে শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ মিছিল করে। এসময় শ্রমিকরা লাঠি সোঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করে কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়।
 
পরে খবর পেয়ে কারখানায় পুলিশ আসলে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের উপরে শট গানের কয়েক রাউন্ড গুলি ও কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে আহত হয় অর্ধশত শ্রমিক। এর জের ধরে পরিস্থিতির অবনতির আশঙ্কায় গতকাল কারখানা বন্ধের নোটিস টাঙ্গিয়ে দেয় মালিকপক্ষ।
 

সকালে শ্রমিকরা কারখানার সামনে এসে নোটিস দেখে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করতে চাইলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে কারখানার সামনে থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।