ময়মনসিংহের তিন উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ধোবাউড়া, হালুয়াঘাট ও ফুলপুর উপজেলায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, ধোবাউড়া উপজেলায় সদর ইউনিয়নের বাঘড়া কান্দাপাড়া গ্রামে বজ্রপাতে ভাই-বোন মারা গেছে। বাড়ির বারান্দায় বসে পড়ালেখা করার সময় দেলোয়ার হোসেন (১২) ও তার বোন রহিমা খাতুন (৯) বজ্রপাতে আহত হয়। তাদের উদ্ধার করে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত্যু ঘোষণা করেন। এতে একই পরিবারের মোশারফ হোসেন (৩২) নামে আরো একজন আহত হয়েছেন।
দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চারুয়াপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে ও সপ্তম শ্রেণির ছাত্র মোশারফ হোসেন (১৪) বাড়ির বারান্দায় বসে পড়ার সময় সে আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
একই ইউনিয়নের পঞ্চনন্দপুর গ্রামের মৃত কছর আলীর ছেলে হারুন অর রশিদ (৪৫) বজ্রপাতে আহত হলে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় কান্দাপাড়া গ্রামের মোশারফ হোসেন (৩২) ও হারুন অর রশিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
হালুয়াঘাটে ধারা ইউনিয়নের পরুড়া পাড়া গ্রামের রুবেল করিম (৩২) ও বানিয়াকান্দা গ্রামে জমশেদ আলী (৫০) বজ্রপাতে মারা গেছেন। এছাড়া আইসিন (১১), নুরজাহান (৪৫) ও আইমনা (৪৭) আহত হয়েছেন।
ফুলপুর সংবাদদাতা জানিয়েছেন, উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মাইজপাড়া গ্রামে সকালে মোঃ কফিল উদ্দিন (৬০) নামে এক খেয়ামাঝির মৃত্যু হয়েছে। খেয়া পারাপারের ধান উঠাতে গেলে মাইন উদ্দিনের বাড়ির কাছে বজ্রপাতে তিনি মারা যান।
সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।