পূর্ব সুন্দরবনে মাছ ধরতে গিয়ে রফিকুল ঘরামী (৩৫) নামের এক জেলে কুমিরের আক্রমণের শিকার হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ধানসাগর ফরেস্ট স্টেশনের শ্যালা নদীর বেড়িরখালে চরগড়া জাল পেতে মাছ ধরার সময় এই ঘটনা ঘটে।
ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) মো. সুলতান মাহমুদ জানান, রফিকুল ঘরামী ও আবদুল্লাহ (১৭) নামের দুই জেলে শ্যালা নদীর বেড়িরখালে মাছ ধরছিল। এসময় হঠাত্ একটি কুমির রফিকুলকে ধরে নদীতে টেনে নিয়ে যায়। পরে আবদুল্লাহর মাধ্যমে জানতে পেরে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়।
তিনি আরো জানান, রফিকুল বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের মজিবর ঘরামীর ছেলে। তাকে উদ্ধারে বনবিভাগ ও পরিবারের লোকজন সকাল থেকে ঘটনাস্থলে তল্লাশি শুরু করেছে।