বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি আসলাম খানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও ভারত-বাংলাদেশ যাতয়াতকারী পাসপোর্ট যাত্রীদের হয়রানীর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এসব যাত্রীদের পক্ষে রুখে দাঁড়ায় বেনাপোল পরিবহন শ্রমিকরা।
বৃহস্পতিবার বেনাপোল চেকপোস্ট গ্রীন লাইন পরিবহন কাউন্টারে পরিবহন শ্রমিকদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিক্ষুদ্ধ শ্রমিকরা ইমিগ্রেশন ভবনের সামনে দাঁড়িয়ে ওসি আসলাম খানের অপসারণের দাবিতে বিভিন্ন রকম শ্লোগান দেয়।
পরিবহন শ্রমিকরা অভিযোগ করে বলেন, প্রতি সপ্তাহে দেড় লক্ষাধিক টাকা দেয়ার পরও তাদের কাছে অতিরিক্ত টাকা নেয়ার জন্য চাপ দেয়া হচ্ছে। পাসপোর্টে বানান ভুল, একা কোন মহিলা যাত্রীর ভ্রমন নিয়ে তাকে হয়রানীর চেষ্টা, জন্ম তারিখ, পাসপোর্টে নবায়নে জালিয়াতি, বিদেশি ভিসাধারীকে মানব পাচার ইত্যাদি সমস্যা দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। যাত্রীদের যাতে হয়রানী না হয় সেজন্য বেনাপোলের সব পরিবহনের পক্ষ থেকে টাকা ওসিকে দেয়া হতো বলে পরিবহন শ্রমিকরা জানায়। সভায় সোহাগ, গ্রীন লাইন, শ্যামলী, সাউদিয়া পরিবহনসহ সকল পরিবহনের শ্রমিকরা উপস্থিত ছিলেন। সভা থেকে সিদ্ধান্ত নেয়া হয় এখন থেকে আর কোন ঘুষের টাকা তারা ওসিকে দেবে না।