ঘোড়ার গাড়িতে নগর ভবনে সাঈদ খোকন

পুরনো ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চড়ে নগর ভবনে এলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবাজার থেকে ঘোড়ার গাড়িতে চড়ে গুলিস্তানে অবস্থিত নগর ভবনে যান তিনি। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা নতুন নগরপিতাকে ফুলেল শুভেচ্ছা জানান।
 
নিজ কার্যালয়ে প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় কাগজ-পত্রে স্বাক্ষরের পাশাপাশি নগরীর বিভিন্ন অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের নির্দেশ দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন এ মেয়র।
 
পরে সাংবাদিকদের সাঈদ খোকন বলেন, আমার পিতা ঢাকার মেয়র ছিলেন। তিনি মানুষের জন্য অনেক কাজ করে গেছেন। আজকে আমার সময় এসেছে। নগরবাসী আমাকে নগরের খেদমত করার দায়িত্ব দিয়েছেন। এই শহরের মানুষের জন্য জীবন উত্সর্গ করব।
 
তিনি বলেন, আমার বাবা যেমন এই শহরের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। আমিও তাঁদের পাশে থাকার অঙ্গীকার করছি।
 
খুব শিগগির সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঘাটতি বাজেট পূরণ করা হবে বলেও তিনি জানান।
 
সাঈদ খোকন বলেন, শুনেছি সিটি করপোরেশনের ৫ শ কোটি টাকার বাজেট ঘাটতি রয়েছে। এ বিষয়ে আমি সরকারের উচ্চ পর্যায়ে কথা বলব। কীভাবে এটা কাভার করা যায়। এ সময় সাঈদ খোকন বলেন, শিগগির সর্বস্তরের জনগণকে নিয়ে ঢাকা ডায়ালগ হবে। সেখানে ঢাকার সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা করব।
 
প্রায় দেড় ঘণ্টা নগর ভবনে অবস্থান করেন নতুন এ মেয়র। এরপর নগর ভবনের কর্মকর্তাদের নিয়ে নগরের বঙ্গবাজার, বংশাল, ধোলাইখাল ও নয়াবাজার এলাকা ঘুরে দেখেন সাঈদ খোকন। এ সময় তিনি কর্মকর্তাদের নগরীর বিভিন্ন অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের নির্দেশ দেন।
 
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। তার বাবা মোহাম্মদ হানিফ ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র।