শেকৃবি শিক্ষককে গুলি করে টাকা ছিনতাই

রাজধানীর মোহাম্মদপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এক শিক্ষককে গুলি করে তার কাছে থাকা ৭ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
 
শেকৃবির প্রক্টর অধ্যাপক মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পশ্চিম পাশের সড়কে এই ঘটনা ঘটে। 
 
জানা গেছে, কৃষিতত্ত্ব বিভাগের শিক্ষক পরিমল কান্তি বিশ্বাসকে পায়ে গুলি করে টাকা ছিনতাই করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
 
প্রক্টর মিজানুর বলেন, পরিমল কান্তি বিশ্বাস সকাল ১১টার দিকে মোহাম্মদপুরের একটি ব্যাংক থেকে তার ডিপিএসের ৭ লাখ ৭০ হাজার টাকা তুলে রিকশায় বাসায় যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন।
 
তিনি বলেন, রিকশাটি রেসিডেন্সিয়াল মডেল কলেজের পশ্চিম পাশের সড়কে পৌঁছলে একটি মোটর সাইকেলে আসা ছিনতাইকারীরা পরিমল বিশ্বাসের বাম হাঁটুতে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
 
এই ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন প্রক্টর মিজানুর।