পুঁজিবাজারে টানা তিন কার্যদিবস সূচক বাড়ছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বাড়ার পাশাপাশি লেনদেনও বেড়েছে। আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে—সূচক বাড়ায় বিনিয়োগকারীরা সতর্কতার সাথে নতুন তহবিল বাজারে নিয়ে আসছেন। কিছুটা লেনদেনও করছেন। এ ছাড়া, সামনে বাজার আরো ভালো হওয়ার প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা। এ জন্য বাজারে লেনদেন বেড়েছে। এ দিকে, বৃহস্পতিবার বাজারে সবচেয়ে বেশি দাম বেড়েছে জীবন বিমা কোম্পানিগুলোর। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারদর আগের দিনের তুলনায় প্রায় সাড়ে ৬ শতাংশ বেড়েছে।
তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩২ বেড়ে ৪ হাজার ১২২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ৯ বেড়ে ১ হাজার ৫৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১৯ কোটি ৩১ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৫৪ কোটি ৪৭ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের দর।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৮৩ বেড়ে ১২ হাজার ৬৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৭ কোটি ৬২ লাখ টাকার। লেনদেনকৃত ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দর।
এ দিকে, প্রধান শেয়ারবাজার ডিএসইতে এপ্রিল মাসে আগের মাসের চেয়ে সরকারের রাজস্ব আদায় ২ কোটি টাকা কম হয়েছে। গত মাসে বাজারে লেনদেন কমে যাওয়ায় রাজস্ব আদায়ও কমে গেছে।
জানা গেছে—এপ্রিলে ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৯ কোটি ৩৯ লাখ ১২ হাজার ৯১৯ টাকা। আর মার্চ মাসে আদায় হয়েছিল ১১ কোটি ৭৭ লাখ ৫০ হাজার ৫৪৩ টাকা। অর্থাত্, মাসের ব্যবধানে ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় কমেছে ২ কোটি ৩৮ লাখ টাকা বা ২০ শতাংশ। এপ্রিলে ট্রেক হোল্ডারদের কাছ থেকে ৭ কোটি ৭৫ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা আর উদ্যোক্তা পরিচালকদের কাছ থেকে ১ কোটি ৬৩ লাখ ৫১ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।