চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আজম নাছির উদ্দিন বলেছেন, চট্টগ্রামকে জলবদ্ধতা দূর করে একটি পরিচ্ছন্ন আধুনিক নগরীতে রুপান্তরিত করতে চাই। আমি চট্রগ্রাম মহানগরীকে ময়লা, অবর্জনা ও জলবদ্ধতা দূর করে একটি পরিচ্ছন্ন আধুনিক নগরীতে রুপান্তরিত করতে চাই। নগরটি একটি নোংরা ও ডাস্টবিনের নগরী হিসেবে চিহ্নিত হয়ে আছে। আমি দায়িত্ব নেওয়ার পর এটিকে আমি প্রথম কাজ হিসেবে অগ্রাধিকার দেবো।
বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বলেন, এসব কাজ খুব চ্যালেঞ্জিং। আমি সেবা দানকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে সমন্বয় করে জনকল্যান ও মহানগরীর উন্নয়ন করে চট্টগ্রামকে একটি আধুনিক নগরীতে পরিণত করব।
এর আগে আ জ ম নাসির বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন। পরে তিনি মাজার কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিলে অংশ নেন।
এ সময় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন, আব্দুল লতিফ এমপি, সামচুল হক চৌধুরী এমপি, আশিকুল্লাহ চৌধুরী এমপি, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুর আলম শাহীন, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সমস্য শাহজাদা মহিউদ্দিন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বাসার খায়ের প্রমূখ উপস্থিত ছিলেন।