রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের বিরুদ্ধে তার প্রেমিকাকে ব্যাপক মারধরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি (গণকবর) সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ওবায়দুর হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ওবায়দুর রহমান প্রেমিকাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকায় দীর্ঘ সময় কাটান। একপর্যায়ে তিনি প্রেমিকাকে মারধর শুরু করেন। এরপর মেয়েটি রিকশায় উঠে চলে যাবার সময় ওই ছাত্রলীগ নেতা রিকশায় থাকা মেয়েটিকে পুনরায় মারধর করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই রিকশা চালক জানান, তিনি ২০ বছর ধরে বিশ্ববিদ্যালয় এলাকায় রিক্সা চালান। এই দীর্ঘ সময়ে বিশ্ববিদ্যালয়ে কোন নারীকে এভাবে প্রকাশ্যে পিটিয়ে জখম করতে দেখেননি।
তবে ছাত্রলীগ নেতা ওবায়দুর রহমান তার প্রেমিকাকে পেটানোর অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, মেয়েটির সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। এই অবস্থায়ও সে আরও তিন-চারজনের সাথে সম্পর্ক রাখতো। এ নিয়ে তার সাথে একটু ঝামেলা হয়েছে। পরে সে কান্নাকাটি করে চলে যায়। মারধরের কোনো ঘটনা ঘটেনি।
রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লব বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।