খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: বিএনপি

 
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসামি করে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় চার্জশিট দেয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের মামলা নেহায়েতই অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
 
বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক প্রতিক্রিয়ায় আরও বলা হয়, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে এই ধরনের চার্জশিটে দলটি বিস্মিত। দেশবাসীও এত হতবাক হয়েছে। কারণ বিএনপি আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকারের সাথে কার্যকর সংলাপ সমঝোতার পথকেই উত্সাহিত করছে, দেশের ও বিদেশের বন্ধুরাও বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে সরকার ও বিরোধী দলের মধ্যে ‘কনফিডেন্স বিল্ডিং মেজার’ এর পরামর্শ দিয়েছেন, অথচ এর বিপরীতে শাসকগোষ্ঠী হিংসার বশবর্তী হয়ে বিরোধী দলকে নির্মূল করার ভুল পথে অগ্রসর হচ্ছে-যার নিন্দা জানানোর ভাষাও নেই বিএনপির।