দাউদকান্দি উপজেলা নির্বাচনে সেনা মোতায়েন

 
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার সেখানে ৩ প্লাটুন সেনা মোতায়েন করা হয়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা সদস্য মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মো.. হাসানুজ্জামান কল্লোল ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান।  আগামী শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
নির্বাচনকালে সেনা সদস্যরা ৬টি ভাগে বিভক্ত হয়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া ৩ প্লাটুন বিজিবি, র‍্যাবের ৪টি মোবাইল টিম, পুলিশের ৯৯০জন সদস্য ও ১ হাজার ১৪০জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া ৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করবেন।
 
সূত্র জানায়, এ উপজেলার ৯৫টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৩৬টি। সাধারণ কেন্দ্রে ৬জন পুলিশ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৭জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনের পরদিন অর্থাৎ ১০ মে পর্যন্ত দাউদকান্দিতে অবস্থান করবেন। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো.. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এক বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জেলা ও পুলিশ প্রশাসনসহ সেনা, বিজিবি, পুলিশ ও আনসারের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।