বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মিরপুর টেস্টে স্বাগতিক ক্রিকেটারদের আরো বেশি মনোযোগী হওয়ার আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীতে একটি কোম্পানির পণ্য দূত হিসেবে আত্নপ্রকাশের অনুষ্ঠানে চুক্তি সম্পাদন শেষে তারকা ক্রিকেটারটি এই আহবান জানান।
মাশরাফি বলেন, আগামী মাসে ঢাকায় খেলতে আসবে ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজের কথা এখনই মাথায় না এনে, চলমান এই টেস্টে আমাদেরকে আরো বেশি মনোযোগী হতে হবে। কারণ মিরপুর টেস্টে আমরা যদি খুলনার মতো ভালো পারফর্ম করতে পারি তাহলে এই আত্নবিশ্বাস আমাদের ভবিষ্যতে কাজে দিবে।
মিরপুর টেস্টের উদ্ধোধনী দিনে শাহাদাতের ইনজুরি প্রসঙ্গে মাশরাফি বলেন,‘এক বা একাধিক বোলার টিমে না থাকলেও বাংলাদেশ দল খুব একটা সমস্যায় পড়বে না। কারণ এখন বাংলাদেশে অনেক ভালো মানের বোলার আছে। ইনজুরির উপর কারো হাত নেই।’
তিনি আরো বলেন,‘শাহাদাত হোসেনের ইনজুরির কারণে সাকিব আল হাসান, মোহাম্মদ শহীদ ও তাইজুলের উপর বাড়তি প্রেসার পড়েছে। আমার বিশ্বাস সে দ্রুত সময়ের মধ্যে খেলায় ফিরতে পারবে।’