আজ সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিন প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন। এছাড়া তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই শাহজাদপুরে “বরীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ”-এর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শাহজাদপুরে সাজ সাজ রব পড়ে গেছে। শহরকে সাজানো হয়েছে বর্ণাঢ্য সাজে। রবীন্দ্র কাছারিবাড়িসহ শহরের বড় বড় ভবন, অফিস-আদালত রং করে ঝকঝকে তকতকে করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক বক্তব্য রাখবেন এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নহিদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এছাড়া শাহজাদপুরে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, সিরাজগঞ্জ বিদ্যুত্ কেন্দ্রের সম্প্রসারিত কার্যক্রম, সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রারের কার্যালয়, শেখ রাসেল পৌর শিশু পার্কসহ পাঁচটি প্রতিষ্ঠান উদ্বোধন করবেন। এরপর তিনি পাইলট হাইস্কুল মাঠে জনসভায় ভাষণ দেবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুর উপজেলা শাহজাদপুরের উন্মুক্ত উদার প্রকৃতির দ্বারে এসে নিখিল বিশ্বের সাথে কবি প্রাণের গভীর বন্ধন সূচিত হয়। তাঁর চিত্তে প্রেম ও কর্মবোধের সর্বোচ্চ সমন্বয় ঘটেছিল শাহজাদপুর অঙ্গনে এসে।
শিলাইদহের কুঠিবাড়িতে
কুষ্টিয়া প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু জানান, কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে উত্সবের আমেজ বিরাজ করছে। ৮, ৯ ও ১০ মে (২৫, ২৬ ও ২৭ বৈশাখ) তিনদিনের অনুষ্ঠানে উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুষ্টিয়া-৪ আসনের এমপি আব্দুর রউফ এবং বিশেষ অতিথি কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর। সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ এবং বিশেষ অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলাম।
অনুষ্ঠানে আলোচক হিসাবে থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী, ড. সরওয়ার মুর্শেদ, শেখ গিয়াস উদ্দিন আহম্মেদ মিন্টু, এসএম আফজাল হোসেন, অ্যাডভোকেট লালিম হক, ড. মাসুদ রহমান প্রমুখ।
পতিসর-এ আজ রবীন্দ্র জন্মোত্সব
ফরিদুল আলম পিন্টু, আত্রাই (নওগাঁ) সংবাদদাতা জানান, ‘তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে...।’ এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর পতিসর-এ বসে লিখেছিলেন। আজ পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোত্সব সরকারি পর্যায়ে জাঁক-জমকভাবে পালিত হচ্ছে। বিশ্ব কবির স্মৃতিবিজড়িত পতিসর-এ আজ নেমেছে মানুষের ঢল। পতিসরের মানুষ যেমন রবীন্দ্রনাথকে আপন করে নিয়েছেন, তেমনিভাবে রবীন্দ্রনাথও পতিসরের মাটি ও মানুষকে অত্যন্ত আপন মনে করে ভালবেসেছিলেন। পতিসর থেকে ১৮৯৪ সালের ২১ মার্চ তারিখে ইন্দিরা দেবীকে লেখা তাঁর একটি চিঠিতে এর প্রমাণ পাওয়া যায়। চিঠিটি হলো ঃ ‘এখানকার প্রজাদের উপর বাস্তবিক মনের স্নেহ উচ্ছ্বসিত হয়ে ওঠে—এদের কোনরকম কষ্ট দিতে আদপে ইচ্ছে করে না– এদের সরল ছেলেমানুষের মতো অকৃত্রিম স্নেহের আবদার শুনলে বাস্তবিক মনটা আর্দ্র হয়ে ওঠে। যখন তুমি বলতে বলতে তুই ব’লে ওঠে, যখন আমাকে ধমকায়, তখন ভারী মিষ্টি লাগে। এক-এক সময় আমি ওদের কথা শুনে হাসি, তাই দেখে ওরাও হাসে।’
‘পতিসর’ নওগাঁর আত্রাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামের নাম। আত্রাই উপজেলা সদর থেকে পূর্বদিকে ১৪ কিলোমিটার দূরে দুর্গম এলাকায় অবস্থিত। নাগর নদী তীরের এই পতিসরেই ঠাকুর পরিবারের কাছারিবাড়ি।
আজ পতিসর-এ বিশ্ব কবির জন্মোত্সব উদ্বোধন করবেন বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক। প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার প্রমুখ। আলোচক হিসাবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের বাংলা বিভাগের প্রফেসর ড.স্বরোচিষ সরকার, রবীন্দ্র গবেষক প্রফেসর ড. মুহম্মদ আশরাফুল ইসলাম, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবুল হায়াত, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি প্রাবন্ধিক মফিদুল হক, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান।