নেত্রকোনায় দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ১


নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে শ্যামাচরণ দাস ওরফে ভক্ত দাস (৬৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বিজয়পুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ শুক্রবার সকালে নিহতের লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

গুরুতর আহত বাবুল দাস(১৭), হরে কৃষ্ণ দাসকে(৪৮) খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খালিয়াজুরীর বিজয়পুর গ্রামের শ্যামাচরণ দাসের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের দেবেন্দ দাসের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শ্যামাচরণ দাসের পক্ষের রুবেল দাস গ্রামের দোকানে চকলেট কিনতে যায়। সেখানে দেবেন্দ দাসের পক্ষের অজিত দাসের কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের বল­মের আঘাতে শ্যামাচরণ দাস ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে খালিয়াজুরী থানা পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, যোগাযাগ ব্যবস্থা খারাপ থাকায় ঘটনাস্থলে পৌঁছুতে কিছুটা বিলম্ব হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।