হিট অ্যান্ড রান মামলায় দায়রা আদালতের দেয়া সাজা স্থগিত করেছে মুম্বাইয়ের হাইকোর্ট। তাই আপাতত তাকে জেলে যেতে হচ্ছে না। শুক্রবার শুনানি শেষে এই আদেশ দেয়া হয়। খবর: এনডিটিভির।
শুনানি চলাকালে সালমান খানের আইনজীবীরা বলেছেন, নিম্ন আদালতের রায় ছিল ‘সেচ্ছাচারী’। তারা দাবি করেছেন, সাক্ষীর জবানবন্দি ‘উপেক্ষা’ করা হয়েছে। তারা বলেছেন, প্রত্যক্ষদর্শী কামাল খানের সাক্ষ্য কেন প্রসিকিউশন যাচাই করেননি। শুনানি চলাকালে সালমান আদালতে উপস্থিত ছিলেন না।
মুম্বাইয়ের হাইকোর্টে দুই আবেদন করেছেন সালমান খান। এর মধ্যে একটি জামিন ও আরেকটি নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর রাতে বান্দ্রার ফুটপাথে সালমান খানের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে গেলে চাপায় নুরুল্লাহ মেহবুব শরিফ নামে এক ঘুমন্ত এক ব্যক্তি নিহত হন। আহত হন আরো চারজন। দীর্ঘ ১৩ বছর মামলা চলার পর বুধবার মুম্বাইয়ের নিম্ন আদালত সালমানকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। ঐদিনই মুম্বাইয়ের হাইকোর্টে আবেদন করলে সালমানকে আজ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেয়।