কুমিল্লায় পারিবারিক কলহের জের ধরে জরিনা বেগম (৩০) নামে গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার স্বামী জমির উদ্দিন খোকন এবং সতীন নূরুন্নাহার পাখীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ জরিনা বেগমের সতীন নুরুন্নাহারকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে জেলার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের কাঁশই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জরিনা বেগম ওই গ্রামের জমির উদ্দিন খোকনের স্ত্রী। আজ শুক্রবার ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার কাঁশই গ্রামের মৃত দুলা মিয়ার মেয়ে জরিনা বেগমের সাথে প্রায় ১৭ বছর আগে একই গ্রামের মৃত আছাদ মিয়ার পুত্র জমির উদ্দিন খোকনের বিয়ে হয়। তাদের ১ মেয়ে ও ২ ছেলে রয়েছে। এরই মাঝে জমির উদ্দিন খোকন ওই উপজেলার পেড়াতলী গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে নূরুন্নাহার পাখীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এতে পারিবারিক কলহের সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতে জমির উদ্দিন খোকন ও নুরুন্নাহার উভয়ে জরিনা বেগমের উপর নির্যাতন চালায়। একপর্যায়ে তারা তাকে গলাটিপে হত্যা করে। খবর পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর ঘাতক স্বামী পালিয়ে গেলেও স্থানীয়রা নুুরুন্নাহারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মনোহরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল হাই সরকার জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত মনোহরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানিয়েছে।