নরসিংদীর রায়পুরা উপজেলার নূরপুর গ্রামের ভুট্টো হত্যা মামলার সাক্ষীদের কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মো. হাবিবুর রহমান (৭০) ও মো. নজরুল ইসলাম (৬০) রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হত্যা মামলার সাক্ষী আহত মো. নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটায় ওই দুই সাক্ষী স্থানীয় বাজার থেকে নিজেদের কেনাকাটা শেষে বাড়ী ফিরছিলেন। এ সময় একই গ্রামের আসামি পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওই দুইজনের ওপর অতর্কিতে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।