কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে সংযোগ নেয়া পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে ৭ম শ্রেণির ছাত্রসহ এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার হাতিয়া ইউনিয়নের বালাচর গ্রামে এ ঘটে।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা অবৈধ বিদ্যুৎ সংযোগ নেয়া লাল মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ঘর ও আসবাবপত্র ভাঙচুর করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার রামরাম গ্রামের জাভেদ আলীর পুত্র ৭ম শ্রেণির ছাত্র আতিকুর (১৩) সকাল ১১টার দিকে বন্ধুদের নিয়ে বালাচর গ্রামের একটি জমিতে ক্রিকেট খেলছিল। এক সময় আতিকুর জমিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের একটি তারে জড়িয়ে যায়। এ সময় দরিদ্র পরিবারের গৃহবধূ আমেনা ওরফে বাচ্চানী (৩৫) তাকে উদ্ধারে এগিয়ে গেলে তিনিও ওই তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
মুহূর্তেই এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা অবৈধ বিদ্যুত সংযোগ নেয়া ওই ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ঘর ও আসবাবপত্রের ব্যাপক ভাঙচুর করে। এ সময় গৃহকর্তা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।