'হিট এন্ড রান' মামলায় সালমান খানের পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর ফুটপাথে ঘুমানো ব্যক্তিদের দায়ী করে টুইট করায় আইনি জটিলতায় পড়লেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। বিহারের একটি জেলা আদালত অভিজিতের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে।
একজন আইনজীবীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে মুজফ্ফরনগর আদালতের একজন বিচারক, অভিজিৎ এর বিরুদ্ধে স্থানীয় একটি থানায় এফআইআর দায়েরের নির্দেশ দেন।
সালমানের কারাদণ্ড ঘোষণার পর অভিজিৎ একাধিক টুইট করে ফুটপাথে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে বিষোদগার করেন। তিনি লিখেছেন, 'কুকুরের মতো রাস্তায় ঘুমোলে কুকুরের মতোই মরতে হবে। ফুটপাথ কোন গরীবের বাপের না'।
গৃহহীন মানুষদের নিয়ে এ ধরণের মন্তব্যের পর ভারতে শুরু হয় সমালোচনার ঝড়। এর প্রেক্ষিতে সর্বশেষ টুইট করে তিনি অবশ্য ক্ষমা চেয়েছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া