ভারতে পাচার কালে তরুণী উদ্ধার, পাচারকারী আটক


মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে ভারতে পাচারের সময় এক তরুণীকে (২২) উদ্ধার করেছে স্থানীয় জনতা। এ সময় পাচারকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। শুক্রবার রাতে যশোরের বেনাপোল রেল স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক পাচারকারী যশোরের অভয়নগর থানার নওয়াপাড়া এলাকার ফজর আলীর ছেলে ইয়ানুর রহমান (২৮)। উদ্ধার হওয়া তরুণী একই এলাকার শংকরপাশা গ্রামের বলে জানা গেছে।

পুলিশ জানায়, মেয়েটিকে মিথ্যা প্রেমের ছলনায় ফেলে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল নিয়ে আসে ঐ পাচারকারী। এ সময় তাদের চলা-ফেরা স্থানীয়দের সন্দেহ হলে তারা দু’জনকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিশ্চিত হয় ওই পাচারকারী তাকে ভারতে বিক্রীর উদ্দেশ্যে বেনাপোল সীমান্তে নিয়ে আসে।
 
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর আলম জানান,  এ ব্যাপারে একটি মামলা হয়েছে।