এদেশের রবীন্দ্র গানে রাজার আসনে যিনি আসীন তিনি শিল্পী সাদী মহম্মদ। দীর্ঘদিনের রবীন্দ্রচর্চার পথ ধরেই এবারে দেশ বরেণ্য শিল্পী সাদী মহম্মদ পেতে যাচ্ছেন রবীন্দ্র পুরস্কার। নিজের ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার পেলেন তিনি। এ ছাড়া পুরস্কারটি পেয়েছেন অধ্যাপক সনত্কুমার সাহা।
আগামীকাল বিকেল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে রবীন্দ্র জন্মবার্ষিকীর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। স্মারক বক্তৃতায় রবীন্দ্র বিষয়ক বক্তব্য প্রদান করবেন অধ্যাপক হায়াত্ মামুদ। এখানে আরও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনে বিশিষ্ট শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র কবিতার আবৃত্তি পরিবেশন করবেন।