‘দেশের অর্থনৈতিক প্রয়োজনেই বড় বাজেট দরকার’

 
 
 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোকে অবকাঠামো ও মানব সম্পদ উন্নয়নে বড় ব্যয় করা প্রয়োজন। অর্থাত্, বাংলাদেশের অর্থনৈতিক প্রয়োজনেই বড় বাজেট প্রণয়ন করা দরকার। এটাকে যারা উচ্চাভিলাসী বলবে, তাদের জন্য আমার বক্তব্য হচ্ছে—আমি উন্নয়নমূলক কাজে উচ্চ আশাই পোষণ করি।’ শনিবার পিআরআই আয়োজিত ‘৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোকে আগামী বাজেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
অর্থমন্ত্রী বলেন, ‘প্রায় ১৬ কোটি মানুষের দেশে মাত্র ১২ লাখ মানুষ ট্যক্স দেয়। এটা সত্যিই খুব লজ্জাজনক ও হতাশাজনক। অল্প হলেও সবারই কর দেয়া উচিত। অন্তত বাড়ির মালিকরা কর দিলেও এ সংখ্যা অনেক বেড়ে যায়।’
 
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘পরিবেশের জন্য ক্ষতিকর (কিছু ক্ষেত্রে প্রয়োজনীয়) ১১টি ক্যামিকেল আমদানি নিয়ন্ত্রণ করতে লাইসেন্সিং এবং উচ্চ কর আরোপের বিষয়টি বিবেচনা করব।’
 
টোবাকো খাতের করনীতি নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের টোবাকো করনীতি খুব উন্নত নয়। বিড়ির ওপর কর বসানোর মাধ্যমে বড় অঙ্কের রাজস্ব আয় করা সম্ভব।’
 
মন্ত্রী বলেন, ‘পে রোল ট্যাক্সের বিষয়টি আমার জানা ছিল না। এ খাতেও বড় অঙ্কের রাজস্ব আয় করা সম্ভব। এ বিষয়ে কাজ করা হবে। এ ছাড়া, দেউলিয়া আইন (কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দেউলিয়া হলে তার বাস্তবায়ন প্রক্রিয়া) এবং মার্জার অ্যান্ড ইকুইজিশন (একাধিক কোম্পানি একীভূতকরণ) বিষয়ক আইন প্রণয়নের কাজ শুরু করব।’
 
পিআরআইয়ের চেয়ারম্যান ড. জায়েদি সাত্তারের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন—মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) প্রেসিডেন্ট সৈয়দ নাসিম মঞ্জুর, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, সাবেক সচিব সোহেল চৌধুরী এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভাইস চেয়ারম্যান আনিস এ খান প্রমুখ।
 
সেমিনারে পিআরআইয়ের নির্বাহী পরিচালক ড. আহসান মনসুর এবং ভাইস চেয়ারম্যান ড. সাদিক আহমদ পৃথক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।