কালীগঞ্জে সরকারী হাসপাতালে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের সিনিয়র নার্স মুক্তি রানী দাসের (৩৪) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের মনশাতলার স্বামীর বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুক্তি রানী উপজেলার মুনশুরপুর গ্রামের রনী দাসের স্ত্রী। আড়াই বছরের তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ঘরের দরোজা বন্ধ পেয়ে স্থানীয়রা ঘরের দরোজা খোলার চেষ্ঠা চালিয়ে ব্যর্থ হয়। পরে পাশের ঘরের প্লাস্টিকের সিলিং তুলে ঘরে প্রবেশ করে। তারা এ সময় ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো মুক্তির মরদেহ দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রনী দাসকে থানায় নিয়ে আসে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া, ইন্সপেক্টর (তদন্ত) রাজীব চক্রবর্তী, এসআই সাকিব হাসান।

মরদেহ উদ্ধারের পর তা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাপাতালে মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। মরদেহ উদ্ধার ও ময়নাতদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি।

আরও পড়ুনঃ প্রশাসনের অনুমতি ছাড়া বেরোবিতে চলছে আমগাছ নিধন!

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত বলা সম্ভব। মুক্তির পরিবারের লোকজন চাইলে হত্যা মামলা করতে পারবে। অন্যথায় অপমৃত্যু মামলা হবে। তবে মামলা যাই হোক ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/নূহু